পীরগাছা (রংপুর) সংবাদদাতা
দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বুধবার পীরগাছা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি শাহ মাহবুবার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় পীরগাছা উপজেলা জাপার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সরকার বলেন, বহিষ্কারের বিষয়টি আমাদের জানা নেই। কেন্দ্র যে সিদ্ধান্ত নিবে আমরা মেনে নিবো।
রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির জানান, জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের পক্ষে কাজ না করে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশির প্রচারণায় অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
