কেউ বাজিতে জয় লাভ করেন, কেউ বা আবার হেরে গিয়ে ভালোবাসাকেই হারিয়ে ফেলেন। এমনই একটি গল্পে ‘বাজি’ নামের একটি শর্টফিল্ম নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের প্রযোজনায় তরুণ নির্মাতা স্বরাজ দেবের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক, ফারহান, পার্সা ইভানা ও রাজকুমারী রিয়া।
বড়দিন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর শর্টফিল্মটি প্রকাশ পেয়েছে সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে। প্রায় ১৪ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মটির শুটিং হয়েছে ঢাকার আশেপাশের বিভিন্ন মনোরম লোকেশনে।
শটফিল্মটি সম্পর্কে প্রযোজক শাহিন কবির বলেন, ‘সিলভার স্ক্রিন শুরু থেকেই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে। এই শর্টফিল্মটিও তারই একটি অংশ। অসাধারণ একটি গল্প দেখা যাবে শর্টফিল্মটিতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ এদিকে বাজি সম্পর্কে নির্মাতা বলেন, ‘শর্টফিল্মটি দেখার সময় দর্শক নিজের মধ্যে হারিয়ে যাবেন। কারণ গল্পটি যুগের অন্যতম একটি চাহিদা। আমরা প্রতিটি মানুষই ভালোবাসার কাঙাল। সবার মনেই ভালোবাসা থাকে। কেউ প্রকাশ করে, কেউ বা আবার নীরব থাকে। কেউ কেউ আবার সম্পর্কটি নিয়ে বাজি ধরে বসেন। বাজি থেকেই নির্মাণ করেছি এটি।’
