শীতকালীন দলবদল এক-সময় ইউরোপীয় ফুটবলে মৌসুমটির মতোই জীর্ণশীর্ণ একটা ব্যাপার ছিল। সব নাটকীয়তা আর রোমাঞ্চ তোলা থাকত গ্রীষ্মকালীন দলবদলের জন্যই। তবে গেল কিছু মৌসুমে দৃশ্যটা পালটাতে শুরু করেছে। জানুয়ারির দলবদলও গ্রীষ্মের কাছাকাছি রোমাঞ্চ নিয়েই হাজির হচ্ছে। সে শীতকালীন দলবদল মৌসুম শুরু হতে আর বাকি চার দিন। ধারণা করা হচ্ছে এবারও বেশ কিছু খেলোয়াড় নিয়ে সরগরম থাকতে পারে ইউরোপীয় বাজার। সম্ভাব্য এই তারকা হলেন—
n নেইমার
গত জুনের গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে ফিরে পেতে কম দৌড়ঝাঁপ করেনি বার্সেলোনা। সাবেক এই বার্সা ফরোয়ার্ড নিজেও বড়োসড়ো কিছু ইঙ্গিতই দিয়েছিলেন কাতালুনিয়ায় ফেরার। তবে সপ্যানিশ লিগ চ্যামিপয়নদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও তাকে পেতে মরিয়া হয়েই নেমেছিল মাঠে। তবে শেষমেশ তার বর্তমান দল পিএসজিই জয়ী হয় এ লড়াইয়ে। রিয়াল-বার্সাকে কঠিন সব শর্তের বেড়াজালে ফেলে নেইমারকে অন্তত আধ মৌসুম ধরে রাখতে সক্ষম হয় তারা।
তবে জানুয়ারির দলবদল কাছিয়ে আসতেই শোনা যাচ্ছে নতুন করে আবারও নেইমারকে পেতে পিএসজিকে প্রস্তাব দেবে। সপ্যানিশ সংবাদ মাধ্যমের এমন খবরে ‘নেইমার সোপ অপেরা’র দ্বিতীয় পর্বের দেখাটা জানুয়ারিতেই পাওয়ার সম্ভাবনা জোরদার হচ্ছে।
n জ্লাতান ইব্রাহিমোভিচ
ইউরোপ ছাড়ার পর বছর দুয়েক লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে যুক্তরাষ্ট্র মাতিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে গত নভেম্বরে দলটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে এখনো কোনো ক্লাবে নাম লেখাননি তিনি। জানিয়েছিলেন ইতালিতেই ফিরবেন, তবে সাবেক ক্লাব এসি মিলানের সঙ্গে আলাপ পরিণতি পায়নি তার। সাবেক কোচ কার্লো অ্যানচেলত্তি এভারটনে যাওয়ার ফলে ইব্রার প্রিমিয়ার লিগে ফেরারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সুইডিশ এই ফরোয়ার্ড যে ক্লাবেই যান না কেন, জানুয়ারির দলবদলে যে তাকে নিয়েও তোলপাড় হবে তা বলাই বাহুল্য।
n এডিসন কাভানি
নেইমার ও কিলিয়ান এমবাপে পিএসজিতে আসার পর শেষ কয়েক মৌসুমে দলে গুরুত্ব হারিয়েছেন ক্লাবটিতে ছয়টি মৌসুম খেলা এডিসন কাভানি। আসছে জুনে চুক্তি শেষ হয়ে যাওয়ার আগেই তাই দল ছাড়তে মরিয়া তিনি। সম্ভাব্য গন্তব্য অ্যাটলেটিকো মাদ্রিদ। সপ্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহেই উরুগুইয়ান ফরোয়ার্ডকে আড়াই মৌসুমের চুক্তিতে দলে ভেড়াতে পারে সপ্যানিশ দলটি।
n আর্লিং ব্রাউত হালান্ড
ইউরোপীয় ফুটবলে চলতি মৌসুমে দারুণ উজ্জ্বল রেডবুল সালজবুর্গ ফরোয়ার্ড আর্লিং ব্রাউত হালান্ডের পারফরম্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচ খেলেই করেছিলেন আট গোল। এমন নৈপুণ্য দিয়ে দলকে দ্বিতীয় রাউন্ডে নিতে ব্যর্থ হলেও নিজের চাহিদাটা ঠিকই বাড়িয়েছেন অস্ট্রিয়ান এই ফরোয়ার্ড। জানুয়ারির দলবদলেই ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাস, রেডবুল লাইপজিগ বরুসিয়া ডর্টমুন্ডের মতো দল। আসছে দলবদলে তাকে নিয়ে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনাও তাই উড়িয়ে দেয়া যাচ্ছে না।
n ক্রিশ্চিয়ান এরিকসেন
মরিসিও পচেত্তিনো কোচ থাকার সময় থেকেই টটেনহ্যাম ছাড়তে উন্মুখ ছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। হোসে মরিনহোর অধীনেও মনোভাব পাল্টাচ্ছে না তার। আসছে জুনে চুক্তি শেষ হতে যাওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডারকে আসন্ন দলবদলেই রিয়াল মাদ্রিদ দলে টানতে পারে এমন গুঞ্জনও আছে।
n আর্তুরো ভিদাল
বয়সের কারণে ধার হারিয়েছেন। তাই বার্সেলোনার শুরুর একাদশে জায়গা মিলছে না আর্তুরো ভিদালের। ফলে জানুয়ারিতেই দল ছাড়তে চান তিনি। ইতালিতে তার চাহিদা তৈরি হয়েছে। আসছে দলবদলেই তাকে দলে পেতে চায় ইন্টার মিলানের মতো দল।
এছাড়াও বার্সেলোনার কার্লোস আলেনইয়া, জঁ ক্লেয়ার তোদিবো, রিয়াল মাদ্রিদের ব্রাহিম ও মারিয়ানো ডিয়াজ; অ্যাটলেটিকো মাদ্রিদের থমাস লেমাররাও দল ছাড়তে পারেন জানুয়ারির দলবদলে।
