বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে যে দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে তাতে থাকবে না কোনো পাকিস্তানি ক্রিকেটার।
ভারতের এনডিটিভি বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক জায়েশ জর্জের বরাতে এ তথ্য জানিয়েছে। ঢাকায় আগামী বছরের ১৮ ও ২২ মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের যুগ্ম সচিব জয়েশ জর্জ ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে জানান, ‘এশিয়ার একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলবেন না। এটাই হচ্ছে কথা। সুতরাং পাকিস্তানি ক্রিকেটারদের ভারত কীভাবে মোকাবিলা করবে— এমন প্রশ্নই এখানে আসে না।’
যদিও গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পাকিস্তানি খেলোয়াড় থাকতে পারবে না, এমন শর্ত দেয়নি বিসিবি। গতকাল এ সম্পর্কে বোর্ড সভাপতি বলেছেন, ‘আমরা এমন কিছু বলিনি যে, পাকিস্তানের কোনো খেলোয়াড় থাকতে পারবে না। এখানে আমরা কিছু বলিনি। একটা হতে পারে যে যখন আমরা বাকি সব বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, তারা একটা রেসপন্স পাঠিয়েছে। পাকিস্তান হলো—একমাত্র দেশ যারা বলেছে যে তাদের পিএসএলের সঙ্গে তারিখটা ক্ল্যাশ করছে। ওরা তারিখটা পরিবর্তন করতে বলেছিল আমাদেরকে।’
বিশেষ এই ম্যাচে পাঁচ ভারতীয় ক্রিকেটার খেলবেন। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের চেয়েছে বিসিবি। জায়েশ জর্জ আরো বলেন, ‘এশিয়া একাদশে কোনো পাঁচ জন ভারতীয় ক্রিকেটার খেলবেন এটার সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলি (বিসিসিআই সভাপতি) নেবেন।’ বিসিবির উদ্যোগেই হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ দুটি। এরই মধ্যে এই ম্যাচ দুটিকে অফিশিয়াল স্বীকৃতি দিতে যাচ্ছে আইসিসি।
