সিরিজ বোমা হামলার আসামির মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:২১

সিরিজ বোমা হামলার অন্যতম আসামি জেএমবি সদস্য নাসির উদ্দীন দফাদার মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় জেল কর্তৃপক্ষ। 

নিহত নাসির উদ্দীন দফাদার (৭০) সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকার দলিল উদ্দীন দফাদারের ছেলে। তিনি কারাবন্দী ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা হয়। একই বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতার হন জেএমবি সদস্য নাসির উদ্দীন দফাদার। এরপর থেকে তিনি প্রায় ১৪ বছর কারাবন্দী থাকার পর বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছে। 

জেলার তুহিন কান্তি আরো জানান, নিহত নাসির উদ্দীনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ