ধারণক্ষমতার বাইরে যাত্রী ওঠানো হচ্ছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনগামী জাহাজগুলোতে। এছাড়া টিকিট প্রতারণা এবং সিট বিড়ম্বনায় পড়ছেন পর্যটকরা। অতিরিক্ত যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাত্রাকালে সম্প্রতি টেকনাফ উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে আটটি জাহাজ থেকে জরিমানা আদায় করে।
পর্যটকরা জানান, সেন্টমার্টিন নৌপথে চলাচলাকারী জাহাজ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। জাহাজ কর্তৃপক্ষ ধারণক্ষমতার অতিরিক্ত সংখ্যক পর্যটক ওঠাচ্ছে। সিটের কথা বলে জাহাজে উঠিয়ে সিট না পেয়ে পর্যটক ও ক্রুর মধ্যে প্রতিনিয়ত বাগিবতণ্ডা লেগে যায়। এদিকে প্রতিটি জাহাজের নিজস্ব জেটি না থাকায় পর্যটকরা রীতিমতো ভোগান্তিতে পড়ছেন। সেন্টমার্টিনে বেড়াতে আসা কুষ্টিয়া এলাকার আব্দুল মান্নান, ঢাকা শনির আখড়া থেকে ভ্রমণে আসা পর্যটক মামুন, রাজধানীর মোহাম্মদপুর থেকে বেড়াতে আসা রেখা ও কলেজছাত্রী টুম্পা বলেন, ‘সিট বিড়ম্বনা এবং পদে পদে হয়রানির শিকার হলাম আমরা।’ অতিরিক্ত পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাচ্ছে জানিয়ে টেকনাফের টুরিস্ট পুলিশের এসআই আনোয়ার হোসাইন বলেন, দু-একটি জাহাজ ছাড়া আসলে বাকি জাহাজগুলো অনিয়ন্ত্রিত। সংকটের মধ্যেও তিনি পর্যটকদের সুবিধার্থে টুরিস্ট পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছেন বলে জানান। অতিরিক্ত যাত্রী ওঠানোর অপরাধে ইতিমধ্যে সব জাহাজকে জরিমানা করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ জানান, ধারণক্ষমতার বাইরে যাত্রী না ওঠাতে জাহাজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে। পর্যটন ব্যবসার নামে যারা নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী ওঠাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
