নেত্রকোনা-২ আসনে নৌকার জমজমাট প্রচারণা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৪৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-২ আসনে বিএনপির প্রচারণা তেমন চোখে না পড়লেও আওয়ামী লীগ বা মহাজোটের প্রচার-প্রচারণা চোখে পড়ার মত। প্রচার-প্রচারণা বেশ জমজমাট।  শোনা যাচ্ছে, “নাউডাই বাউডা”। স্থানীয়ভাবে বিভক্তি থাকার কারণে বিএনপির প্রচার-প্রচারণা কম। বিএনপির অফিস পর্যন্ত বন্ধ। ধানের শীষের প্রার্থী ডা. আনোয়ারুল হকের ধানের শীষের পোষ্টারও তেমন চোখে পড়ছে না। আবার নৌকার পোষ্টারে সারা শহর ভরপুর। কেউ কেউ বলছেন, ধানের শীষের পোষ্টার লাগাতে তারা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন।

এদিকে গত সোমবার বিকালে বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের বাউসী, দেওপুর বাজার, বড়ইতলা বাজার, হারুলিয়া বাজার এবং আটগাঁয়ের বাজারে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও বেশ কয়েকটি পথসভা হয়। বাউসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে বাউসী কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নেত্রকোনা-২ আসনের নৌকার প্রার্থী সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সাবেক সচিব নূর নবী তালুকদার(সম্রাট), বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজীজুর রহমান, সম্পাদক আব্দুল ওয়াহেদ, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম রসুল তালুকদার প্রমুখ।]