মনোনয়নপত্র কিনলেন আট মেয়র প্রার্থী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

আসন্ন ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ (ডিএসসিসি) সিটি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ-বিএনপির ৮ জন মেয়র প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের হাজি সেলিম এমপি, সালাউদ্দিন মাহমুদ, বিএনপির তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ। বৃহস্পতিবার পর্যন্ত দুই সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে ১ হাজার ৬১০টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এর মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৫৬৪টি। সংরক্ষিত কাউন্সিলর পদে বিতরণ হয়েছে ১২৫টি। আর ডিএসসিসিতে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৭৮২টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩১টি  মনোনয়ন বিতরণ হয়েছে।

দুই রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণে মেয়রপদে আওয়ামী লীগের হাজী সেলিম, বিএনপির ইসরাক হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান অরফে আয়াতউল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উত্তরে বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের সালাউদ্দিন মাহমুদ, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, জাতীয় পার্টির জাপা জি এম কামরুল ইসলাম এবং স্বতন্ত্র হিসেবে স্বাধীন আক্তার আইরিন মেয়রপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। মোট ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।