মাহবুব তালুকদারের পদত্যাগ করে এসব কথা বলা উচিত ছিল ----------------- তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার তার ব্যর্থতার যেসব কথা বলেছেন, পদত্যাগ করে তা বলা উচিত ছিল। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তার দফতরে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী আরো বলেন, মাহবুব তালুকদারের তার পদে (অবস্থানে) থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা। এগুলো পদত্যাগ করে বললেই বরং সমীচীন হয়।

নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন সংস্কার এগুলো আওয়ামী লীগের দাবির ভিত্তিতেই হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনেও অনেক সংস্কার হয়েছে। মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের বিভিন্ন বৈঠকে দ্বিমত পোষণ করলেও তাতে কমিশনের ‘স্বাভাবিক অবস্থা নষ্ট হয় না’ বলেই মনে করেন হাছান মাহমুদ। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি।

‘ঐক্যফ্রন্ট ৩০ তারিখে কালো দিবস পালন করবে এবং সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের দাবিতে দৃশ্যমান কর্মসূচি নেবে’—এ বিষয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং অনেকেই বিজয়ী হয়েছেন, এমপি হিসেবে শপথও গ্রহণ করেছেন, সমস্ত সুযোগ-সুবিধাও তারা পাচ্ছেন। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আসলে নিজের বিবেকের সঙ্গেই তারা প্রতারণা করছেন বলে প্রতীয়মান হয়। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা তো গত নির্বাচনের আগে থেকেই আন্দোলনের মধ্যে আছে।