বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর পশ্চিমে এলিপেন্ট পয়েন্ট এলাকায় শুক্রবার দুপুরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০জন মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। এঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, দুপুরে এলিপেন্ট পয়েন্ট এলাকায় একটি ট্রলার ডুবির খবর পায় কোস্টগার্ড। ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং বোট সি পাওয়ার ১২জনকে জীবিত উদ্ধার করে।
উদ্ধার হওয়াদের মতে, ডুবে যাওয়া ট্রলারটিতে ২৩ জন মাঝি-মাল্লা ছিল। বাকি ১১জন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে নৌ-বাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল। দুপুর দেড়টার দিকে কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল একজনের মরদেহ উদ্ধার করেছে।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার হওয়া একজনের লাশ কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। নিখোঁজ বাকি ১০জনকে উদ্ধারে অভিযান চলছে। তবে ডুবে যাওয়া ট্রলার ও মাঝিমাল্লারা কোথাকার তা এখনো জানাতে পারেনি উদ্ধারকারিরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা পর্যন্ত) উদ্ধার অভিযান চলছিল বলে জানান কোস্টগার্ড কক্সবাজার স্টেশন অফিসার মহিউদ্দিন। অভিযান শেষ হলে কোস্টগার্ডদের মিডিয়া দপ্তর সবিস্তারে জানাবে বলে উল্লেখ করেন তিনি।
ইত্তেফাক/আরকেজি
