প্রামাণ্যচিত্রে পাকিস্তানিদের চোখে মুক্তিযুদ্ধের নৃশংসতা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৪

ইত্তেফাক রিপোর্ট

পাকিস্তানি বাহিনীর নৃশংসতার কথা জানালেন পাকিস্তানের জনগণ। ফুয়াদ চৌধুরী নির্মিত ‘ক্ষমাহীন নৃশংসতা’ প্রামাণ্যচিত্রে উঠে এসেছে পাকিস্তানিদের চোখে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার চিত্র। গতকাল বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সামাজিক সংগঠন শেকড়-এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী শেষে আলোচনায় অংশ নেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তওহীদ নেজা নূর, নির্মাতা ফুয়াদ চৌধুরী। শেকড়ের পক্ষে বক্তব্য রাখেন মাহবুবা সুলতানা ও ওমর ফারুক।

গ্রীন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের নাটক :বিজয়ের মাস উপলক্ষে গ্রীন ইউনির্ভাসিটিতে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘কোথায় আমার স্বাধীনতা’। গতকাল রাজধানীর গ্রীন ইউনির্ভাসিটি ক্যাম্পাসে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রী অভিনয় করেন। নাটক মঞ্চায়ন উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব ও রিডিং ক্লাবে আয়োজিত এ নাট্যানুষ্ঠান বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপভোগ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. পারভেজ আহমেদ আলোচনায় অংশ নেন।