সাভারে ছাগলভর্তি ট্রাক খাদে, নিহত ২

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

সাভারে একটি ছাগল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে দুই শতাধিক ছাগলসহ ছাগলের বেপারী এবং ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- যশোর জেলার সদর থানা এলাকার তেচুলিয়া গ্রামের মৃত ইসলাম হোসেনের ছেলে ছাগলের বেপারী জাকারিয়া হোসেন (৪০) এবং জয়পুরহাট জেলার সোনাপাড়া থানা এলাকার বাসিন্দা ওয়ারেস আলীর ছেলে ট্রাকের হেলপার হাসান মিয়া (৩০)। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করেছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার জয়পুরহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, খাদে তল্লাশি চালিয়ে ট্রাকের হেলপার ও ছাগলের বেপারীর লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রাকটিতে থাকা সবগুলো ছাগলই মারা গেছে।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফ হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত ছাগলের বেপারী ও ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ট্রাকের চালক জীবিত এবং পালাতক রয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় বাস চাপায় জাকিয়া সুলতানা বিলকিস (২৮) নামের মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে।

আরও পড়ুন: ঢাবিতে সন্ত্রাসবিরোধী জোট গঠন

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফ হোসেন বলেন, রাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী জাকিয়া সুলতানার মৃত্যু হয়। নিহতের মরদেহটি উদ্ধার করে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/কেকে