দুদকের তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন মির্জা আব্বাসের আইনজীবী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮

ইত্তেফাক রিপোর্ট

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খায়রুল হুদাকে জেরা করেছেন। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুবের আদালতে তদন্ত কর্মকর্তাকে এ জেরা করা হয়। তবে গতকাল জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ১০ জানুয়ারি পরবর্তী জেরার তারিখ ধার্য করেছেন। তদন্ত কর্মকর্তাকে জেরা করার সময় মির্জা আব্বাস আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম মামলা দায়ের করেন। ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। এরপর ২০০৮ সালের ১৪ মে দুদকের সহকারী পরিচালক খায়রুল হুদা মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ইতিমধ্যে ৪৪ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।