আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কোনো সংশয় নয়। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার বিকালে সিরাজগঞ্জে দলের সদ্য প্রয়াত নেতা সিরাজুল ইসলাম খানের শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সিটি নির্বাচনে জনগণের রায় মেনে নিবে আওয়ামী লীগসহ ১৪ দল। আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। জনগণের রায় মেনে নেবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ এ দেশের মানুষের অনুভূতির দল। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের সকল অর্জন আওয়ামী লীগের নেতৃত্ব অর্জিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্দুল মমিন মণ্ডল এমপি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের সাথী মেজর (অব) মোজাফ্ফর হোসেন প্রমুখ।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তৃতীয়বার প্রেসিডিয়াম সদস্য মনোনীত হবার পর শুক্রবার বিকেলে মোহাম্মদ নাসিম ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের গোলচত্বরে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সেতুর পশ্চিমপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং সিরাজগঞ্জ শহরের প্রবেশমুখ মুলিবাড়িতে তার পিতা জাতীয় নেতা শহিদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন।
