কাজাখস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ১২

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৪

কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানটি একটি বাড়ির ওপর ভেঙে পড়ে। এতে অনেকে আহত হয়েছেন। হাসপাতালে চিকিত্সাধীন আছেন ৬০ জন। বিধ্বস্তের কারণ জানা যায়নি। খবর রয়টার্সের

গতকাল ভোরের কিছুক্ষণ আগে বেক এয়ার পরিচালিত দ্য ফোকার ১০০ এয়ারক্রাফটি আলমাটি থেকে রাজধানী নুর-সুলতানের দিকে যাত্রা শুরু করে। কাজাখস্তানের সিভিল এভিয়েশন কমিটি জানায়, যাত্রার পরই এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দেওয়াল ভেঙে একটি দোতলা ভবনের ওপর ভেঙে পড়ে। তাত্ক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি। তবে ঐ সময় প্রচণ্ড কুয়াশা ছিল বলে জানা গেছে। বেঁচে যাওয়া যাত্রী ব্যবসায়ী আসলান নাজারিয়েলেভ জানান, যাত্রা শুরুর পরই বিমানটি একবার ডান দিকে ও পরের বার বাম দিকে যাচ্ছিল। এরপরই বিধ্বস্ত হয়। যদিও বিমানটির পাইলট নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করেছিলেন। কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী রোমান স্কেলিয়ার বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুইবার রানওয়ে স্পর্শ করেছিল। বিমানটিতে যাত্রীসহ প্রায় ১০০ আরোহী ছিলেন।