মিঠাপুকুরে নারী ইউপিসদস্যসহ আটক ২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭

রংপুরের মিঠাপুকুরে এক হাজার পিস ইয়াবাসহ জনতা বেগম নামে এক ইউপি সদস্য ও তার শাশুড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে রানীপুকুর ইউনিয়নের ছ’মিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। রানীপুকুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য জনতা বেগম রামচন্দ্রপুর গ্রামের মৃত সামসুল হকের স্ত্রী। জনপ্রতিনিধির আঁড়ালে এতদিন তিনি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন- এ বিষয়টি প্রকাশ হওয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান নিয়ে অটোযোগে রাণীপুকুরের দিকে যাচ্ছেন ইউপি সদস্য জনতা বেগম। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে ওই আটোরিকশার পিছু নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিঠাপুকুর সার্কেলের একটি দল। অটোরিকশাটি রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের এরশাদমোড় ছ’মিল এলাকায় পৌঁছলে জনতা বেগম ও তার শাশুড়িকে আটক করে পুলিশ। এসময় নারী পুলিশ দিয়ে দেহ তল্লাশি করে জনতা বেগমের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

রানীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা বলেন, বিষয়টি আমি এখন সঠিকভাবে বলতে পারছি না। তবে কোনো অনৈতিক কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে দায়ভার তার নিজের। 

আরও পড়ুন: শীতের দাপট আরো বাড়বে

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/কেকে