আইয়ুব খানও উন্নয়ন উন্নয়ন করতেন, কিন্তু তার পতনও দেখেছি ------------ ড. কামাল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫০

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সরকার নিজেদেরকে ভোটে নির্বাচিত বললেও জনগণ তা মনে করে না। নির্বাচন করে যেন তারা মজা পেয়ে গেছেন। ভোট না দিয়েই মানুষকে বলা যায় যে, এই তো বৈধতা পেয়েছি। দেশের মানুষ তো অন্ধ না। সরকারে অথবা সরকারের সমর্থিত যারা আছেন তারা যেন মনে না করেন যে, দেশের মানুষের বিচার করার ক্ষমতা নেই। আইয়ুব খানও উন্নয়ন উন্নয়ন করতেন, কিন্তু তার পতনও আমরা দেখেছি। গতকাল শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঐক্যফ্রন্টভুক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, দেশ সংবিধান অনুযায়ী চলছে না। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, এই ধরনের মিথ্যা বলে পৃথিবীতে কেউ পার পায়নি। সরকারকে বলব, সোজা কথা, আপনারা নির্বাচন দিন। প্রথমে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নির্বাচন কমিশন হতে হবে সত্ ও স্বচ্ছ। এই দাবিতে জনগণকে আন্দোলনে শামিল করাতে ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের আরো বৃহত্তর ঐক্য তৈরি করতে হবে। শুধু ঐক্যফ্রন্ট নয়, অন্য জোটগুলো নয়, আমাদের সমস্ত দেশের মানুষকে এক করে, গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোকে এক করে আজকে লড়াই করতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, তাহলে কোনো স্বৈরশাসনই, কোনো একনায়কই ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ফখরুল বলেন, আওয়ামী লীগের যে লড়াই ছিল, যে  গৌরবময় সংগ্রাম ছিল, সব ধ্বংস করে দিয়ে আজকে দুর্ভাগ্যজনকভাবে একটা পুতুল সরকার প্রতিষ্ঠিত করেছে। এদেশকে তারা পরাধীন করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব জাতীয় সরকারের দাবি জানিয়ে রাজনৈতিক দল, পেশাজীবী ও বুদ্ধিজীবী শক্তির সংলাপের মাধ্যমে তা গঠনের রূপরেখাও তুলে ধরেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, একাদশ সংসদ নির্বাচনে ভোট হয়নি। সাড়ে ৩০০ সদস্যের এই অবৈধ সংসদ। ভাত খাবার সময় যেমন ভাত পড়ে যায়, তেমনি জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জন সদস্যকে নির্বাচিত দেখানো হয়েছিল। তারা কিন্তু সংসদেও গেছে। যদি সংসদ অবৈধ হয়, আপনাদের যে ৮ জন গেছে- এরাও অবৈধ। হয় তারা পদত্যাগ করুন, নয় ৩০ তারিখের আগেই তাদের বহিষ্কার করুন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ২৯ ডিসেম্বরের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো রাত। ঐ রাতে বাংলাদেশের ১০ কোটি ভোটারের ভোট সমস্ত রাষ্ট্র মিলে লুট করে, ডাকাতি করে নিয়ে গেছে ।

রবের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিকল্পধারার নুরুল আমীন ব্যাপারী, জেএসডির তানিয়া রব প্রমুখ বক্তব্য রাখেন। কাউন্সিলে আ স ম রব জেএসডির সভাপতি পুনর্নির্বাচিত হন, সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার।