সান্তোকিকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচেই বিশাল নো বল, ওয়াইড বল করে খবরের শিরোনাম হয়েছিলেন ক্রিসমার সান্তোকি। সিলেট থান্ডারের এই ক্যারিবিয়ান পেসারের প্রশ্নবিদ্ধ বোলিং নিয়ে আলোচনা হয়েছে বেশ। সিলেটের টিম ডিরেক্টর তানজিল চৌধুরীও সন্দেহ প্রকাশ করে তদন্ত করতে বলেছিলেন। অবশেষে বিসিবির দুর্নীতি দমন বিভাগ বিতর্কিত বোলিং নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সান্তোকিকে। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস বলেছেন, সান্তোকিকে লম্বা সময়ের জন্য জিজ্ঞাসাবাদ করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। তার ক্যারিয়ারের অতীতকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। অনুমতি না থাকায় এই প্রসঙ্গে কথা বলেননি বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান মেজর (অবঃ) আবু মোহাম্মদ হুমায়ন মোরশেদ।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন অবশ্য সংবাদ মাধ্যমকে বলেছেন, সান্তোকিকে অপরাধী বলার মতো কিছু পাওয়া যায়নি। তাই জিজ্ঞাসাবাদের পর বিষয়টি আর দীর্ঘায়িত হয়নি। তিনি বলেছেন, ‘যে কোনো বিষয় যৌক্তিক সন্দেহ হলে তারা (দুর্নীতি দমন শাখা) তদন্ত করে। তাদের কাছে হয়তো ওভাবে কিছু চোখে পড়েনি বলে আমাদের কাছে আসেনি। এ ধরনের বিষয়ে হয়তো তারা গুরুত্বপূর্ণ কিছু পায়নি বলে আমাদের কাছে আসেনি।’