‘ফেয়ারপ্লে’তে কপাল পুড়ল শেখ রাসেলের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫

শেখ রাসেল ক্রীড়াচক্র ফেডারেশন কাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ গোলে ড্র করেও বিদায় নিয়েছে। মোহামেডানের সঙ্গে পয়েন্ট, গোল, মুখোমুখি লড়াইয়ে সমতা থাকায় ফেয়ারপ্লে হিসাব-নিকাশ নকআউটের পথ আগলে দাঁড়ায় তাদের।

ফেডারেশন কাপে আগের দুই ম্যাচে একটি জয় আর একটি ড্র নিয়ে গতকাল শনিবার দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র। গতকাল শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গিয়েছিল শেখ রাসেলই। ১২ মিনিটে আবদুল্লাহর কর্নার বিপদমুক্ত করতে ব্যর্থ হয় মুক্তিযোদ্ধার রক্ষণ। তাতে মাথা ছুঁইয়ে শেখ রাসেলকে এগিয়ে দেন আজিজভ আলিশের। প্রথমার্ধে বারদুয়েক গোলের সুযোগ সৃষ্টি করলেও আর ব্যবধান বাড়াতে পারেনি শেখ রাসেল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাঙ্গুরার গোলে ম্যাচে ফেরে মুক্তিযোদ্ধা। ম্যাচটা এখানেই শেষ হলে উঠে যেত শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা দুই দলই। শেষ দশ মিনিটে দুটো হলুদ কার্ডে কপাল পোড়ে শেখ রাসেলের। মোহামেডান তিন ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছিল। আর ম্যাচের দুই হলুদ কার্ডে রাসেলের কার্ড দাঁড়ায় চারটি। তাতেই বিদায়ঘণ্টা বাজে দলটির।

এই ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপে সবচেয়ে বেশি গোল করে গ্রুপসেরা হয়ে নকআউটে চলে গেছে মুক্তিযোদ্ধা। শেষ আটে প্রতিপক্ষ হিসেবে বসুন্ধরা কিংসকে পেয়েছে তারা। আর মোহামেডান পেয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

অন্য দুই কোয়ার্টার ফাইনালে আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। নবাগত পুলিশের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।