ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডিউটিরত অবস্থায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টাকারী নার্স মৌসুমী দত্ত অবশেষে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে ঢামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। গত বৃহস্পতিবার ডিউটিরত অবস্থায় গলায় ফাঁস দেন মৌসুমী দত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনায় মৌসুমীর স্বামীকে হাসপাতাল থেকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মৌসুমী দত্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, আমরা জানতে পেরেছি, সে কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে এক পর্যায় ক্ষিপ্ত হয়ে ফোনটি ছুড়ে ভেঙে ফেলে। পরে তাদের ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় মৌসুমীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। সে মামলায় তার স্বামীকে আটক করেছে থানা পুলিশ।
