ভারতের পশ্চিমবঙ্গ, কেরালাসহ বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:১৯

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে-বিপক্ষে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিল নাড়ুসহ বিভিন্ন রাজ্যে গতকাল শনিবারও বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সিএএ ও এনআরসির বিরুদ্ধে পশ্চিমবঙ্গজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের জ্যেষ্ঠমন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং ফিরহাদ হাকিম কলকাতায় নিজেদের আসনে বিক্ষোভে অংশ নেন। মুখ্যমন্ত্রী মমতা সিএএ ও এনআরসির বিরোধিতা করে কবিতা লিখেছেন।

কংগ্রেসের নেতৃত্বে কেরালা রাজ্যে সিএএ এর বিরুদ্ধে মহাসমাবেশ হয়েছে। সাবেক মন্ত্রী পি চিদাম্বরমসহ কংগ্রেসের এমপি ও বিধায়করা এই সমাবেশে যোগ দেন। ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে তামিল নাড়ু তাওহীদ জনতা। সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে তারা রাজ্যপালের বাসভবনের সামনে বিক্ষোভ করে। আসামের গুয়াহাটিতে সিএএ-বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে আসামের বিজেপি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে সিএএ’র পক্ষে বড়ো সমাবেশ হয়েছে। ৫০ হাজারের বেশি লোক ঐ সমাবেশে যোগ দেন। গতকালের বিক্ষোভে কোনো ধরনের সহিংসতা বা ধড়পাকড়ের খবর পাওয়া যায়নি।

এদিকে গতকালও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে বিক্ষোভকালে সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে বাধা দেয় উত্তর প্রদেশ পুলিশ। অন্যদিকে সিএএ এর প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে যে ভাঙচুর চলেছে, তার ক্ষতিপূরণ হিসেবে মুসলিমরা একজোট হয়ে ছয় লাখ টাকার চেক দিয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে-যারা ক্ষতিসাধন করেছে তারাই ক্ষতিপূরণ দেবে। তিনি বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগ নাকচ করে বলেছেন, যোগী সরকারের কঠোর অবস্থান দেখে সব দাঙ্গাকারীরা অবাক হয়েছে। তোমরা যা ইচ্ছা করো, ক্ষতিপূরণ তোমাদেরই দিতে হবে।

উত্তর প্রদেশে সিএএ বিক্ষোভকারীদের পুলিশ হুমকি দিয়ে বলেছে, ‘পাকিস্তানে চলে যাও’। উত্তরপ্রদেশের মিরাটে পুলিশ সুপারের সেই হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও ঘিরে বিতর্ক শুরু হতেই পুলিশ কর্তৃপক্ষ বলেছে, প্রতিবেশী রাষ্ট্রের হয়ে স্লোগান দেওয়া হচ্ছে শুনেই আমরা ঐ অঞ্চলে গিয়েছিলাম। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, বিজেপি পুলিশকে সাম্প্রদায়িক করে তুলছে। উল্লেখ্য, সিএএ আইনবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৯ জনই নিহত হয়েছেন উত্তর প্রদেশ রাজ্যে।