লক্ষেৗ পুলিশ আমাকে ঘাড় ধরে নিগ্রহ করেছে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

ভারতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, উত্তরপ্রদেশের লক্ষেৗ পুলিশ তার ঘাড় ধরে নিগ্রহ করেছে। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনে মদত দেওয়ার অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার হন উত্তরপ্রদেশের সাবেক আইপিএস এসআর দারাপুরী। গতকাল প্রবীণ ঐ আইপিএসের বাসভবনে যাওয়ার পথেই পরপর দু’বার এমন পুলিশি হেনস্থার শিকার হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, ‘আমি যখন দারাপুরীজির পরিবারের সঙ্গে সাক্ষাত্ করতে যাচ্ছিলাম, তখন পুলিশ আমার কনভয় থামায়। ওরা আমার ঘাড় ধরে আমাকে নিগ্রহও করেছে। এরপর আমাকে বাধ্য করে দলের এক কর্মীর স্কুটারে চেপে গন্তব্যে যেতে। ঠিক দু’কিলোমিটার পর আমাকে আবার আটকানো হয় এবং সে সময় পুলিশ আমাকে ঘিরেও ধরে। তখন আমি বাধ্য হই হেঁটে গন্তব্যে যেতে।’ -এনডিটিভি