ঢাকা সিটি নির্বাচন

আওয়ামী লীগের প্রার্থী কারা জানা যাবে আজ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:২৯

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের একক প্রার্থীর খসড়া তালিকা করা হয়েছে। গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এ তালিকা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল ১০টায় গণভবনে মনোনয়ন বোর্ডের আবার বৈঠক হবে। সেখানে চুলচেরা বিশ্লেষণ করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

মেয়র পদে উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নৌকার একক প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে বলে বৈঠকে উপস্থিত দুই জন নেতা ইত্তেফাককে জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণে সাঈদ খোকন (বর্তমান মেয়র) ও উত্তরে আতিকুল ইসলামই নৌকার প্রার্থী হচ্ছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে একক প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

রাতে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের ব্যাপারে বিচার-বিশ্লেষণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছেও কিছু তথ্য আছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে। আজ মেয়র এবং দল সমর্থিত কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।

২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন এবং উত্তরে আনিসুল হক মেয়র নির্বাচিত হন। দুজনেই আওয়ামী লীগ প্রার্থী ছিলেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক ইন্তেকাল করায় মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপনির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলাম। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাঈদ খোকন ব্যবসায়ী ও রাজনীতিবিদ এবং বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের পুত্র।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তাপসের বাবা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণি। আজ দুপুর ১২টায় তাপস তার গ্রিন রোডের অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

এদিকে শনিবার বিকেলে মনোনয়নপ্রত্যাশী সবাইকে গণভবনে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা থেকে মেয়র পদপ্রার্থীরা ছাড়াও ঢাকা মহানগরীর দুই সিটি করপোরেশনের কাউন্সিলর প্রার্থীরা গণভবনে প্রবেশ করেন। গণভবনের সবুজ চত্বর মনোনয়ন প্রত্যাশীদের মিলনমেলায় পরিণত হয়।

সূত্র জানায়, বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় বেশ কয়জন সাবেক কাউন্সিলরকে এবার বাদ দেওয়া হয়েছে। দুই সিটির ১২৯ ওয়ার্ডে ১ হাজার ২৯৩ জন কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেতে আবেদনপত্র ক্রয় করেছেন। গড়ে প্রতিটি ওয়ার্ডে ১০ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আর মেয়রের দুটি পদের জন্য দুই সিটি মিলিয়ে ২০ জন মনোনয়নপত্র কেনেন।