বরিশালে নির্বাচন কমিশনার কবিতা খানম

উৎসব যাতে শংকায় পরিণত না হয়

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০০:১৬

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্বাচনের উৎসব যাতে শংকায় পরিনত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমাদের নির্দেশনা যাতে বক্তব্যর মধ্যে সীমবদ্ধ না থাকে। এছাড়া বৈষম্য মূলক আচরণ করা যাবে না।

বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় সদরে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি নির্বাচনের দায়িত্ব থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা তারা ৩০ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে। আইনের অবৈধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মানুষ যাতে সুষ্ঠু ভোট দিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করার করার আহবান জানান তিনি। ভোটার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধানে সবাইকে সচেষ্ট থাকতে বলেন তিনি। এজন্য তিনি সকল বাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এতো কিছুর পরও নির্দেশনার কোনো ব্যতয় হলে তা ক্ষমা করা হবে না বলে হুশিয়ারী দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৭ম পদাতীক ডিভিশনের জিওসি বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম ও বিএমপি কমিশনার মোশারফ হোসেন। এছাড়াও সভায় বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনা, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, নির্বাচন কর্মকর্তা,  কোস্টগার্ড এবং নির্বাচন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।