আওয়ামী লীগের সিনিয়র রাজনীতিবিদ হেভিওয়েট প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। কারণ তিনি পৃথিবীর দেশে দেশে আজ বিশ্ব মানবতার মা হিসেবে সুপরিচিত। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সীমাহীন অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে ভোলাসহ সারা দেশের রাজনীতিতে প্রতিহিংসার যে বীজ বপন করেছিল আওয়ামী লীগ তার মূল উৎপাটন করেছে। ভোলায় গত ১০ বছর আমরা ক্ষমতায় থেকে শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত সৃষ্টি করেছি। এখানে এখন পর্যন্ত কোন নির্বাচনী সংঘাতের ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার ভোলার দক্ষিণ দিঘলদী ও ইলিশা, রাজাপুরসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তোফায়েল আহমদে আরও বলেন, গত ১০ বছর ভোলার বিএনপি নেতাকর্মীরা শান্তিতে ছিল। এখনো আছে। ২০০১ সালে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেয় নি। গুরু, ছাগল, হাস মুরগি থেকে শুরু করে পুকুরের মাছ, বাগানের গাছ কেটে নিয়েছে। মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমার বাড়িতেও হামলা করে ভাংচুর করেছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কিন্তু আমরা ক্ষমতায় এসে সেগুলোর প্রতিশোধ নেই নি। আমাদের দ্বারা কেউ অত্যাচারিত হয়নি। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। ভোলায় গত ১০ বছরে ভোলায় বিএনপির বিরুদ্ধে যে দুই একটি মামলা হয়েছে তাও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে। এই বিএনপি তাদের ক্ষমতার আমলে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও ভোলায় জনসভা করতে দেয়নি। মরিচের গুড়া মেরে আমার জনসভা নষ্ট করার মত ন্যাক্কার জনক ঘটনাও ঘটিয়েছি।
বিভিন্ন স্থানের পথসভায় তোফায়েল আহমেদের সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
