ফতুল্লায় একই পরিবারের ৯ জন দগ্ধ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০০:৪০

ফতুল্লায় আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে। গ্যাসের পাইপ লিকেজ হয়ে এই আগুন লাগে বলে জানা গেছে। গতকাল বুধবার উপজেলার হকবাজার এলাকার চারতলা ভবনের তৃতীয় তলায় ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শ্রীনাথের স্ত্রী অর্চনা, মেয়ে অনামিকা, ছেলে অর্পিত, মা ছায়া রানী, বোন সুমিত্রা, জামাতা নারায়ণ চন্দ্র, ভাতিজা প্রমিত ও শাওন। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ওই বাড়ির ভাড়াটে শ্রীনাথ চন্দ্র বর্মণ জানান, পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোরে আলো জ্বালাতেই আগুন দেখতে পান। কিছু বুঝে উঠার আগেই আগুনে সবাই দগ্ধ হন। প্রতিবেশী অনাথ চন্দ্রসহ অন্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চিকিত্সকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চারজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। বদ্ধঘরে আগুন লাগলে শ্বাসনালীতে আগুন ঢোকে। এতে শ্বাসনালী পুড়ে যায়।