সময়ের সাথে সাথে এখন কম্পিউটার আর ইন্টারনেট ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আমাদের দেশেও এখন কম্পিউটার পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। সেই সাথে শিশুদের হাতেও পৌঁছে যাচ্ছে কম্পিউটার আর ইন্টারনেট। তবে শিশুদের জন্য কম্পিউটার আর ইন্টারনেট বিষয়ক প্রাথমিক শিক্ষার উপযোগী উপকরণ আমাদের কাছে খুব বেশি সহজলভ্য নয়। এই ক্ষেত্রে সহায় হতে পারে খোদ ইন্টারনেট। সংবাদ মাধ্যম হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত বিবিসি’র রয়েছে একটি বিশেষ সাইট, যেটা শিশুদের কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে প্রাথমিক শিক্ষার কাজটি সহজেই করে দিতে পারে। ওয়েবওয়াইজ প্রাঞ্জলভাবে ব্যখ্যা করা হয়েছে কম্পিউটার আর ইন্টারনেটের প্রয়োজনীয় সব তথ্যাবলী।
কী আছে এই সাইটে?
ওয়েবওয়াইজ সাইটটি মূলত দুইটি প্রধান ভাগে বিভক্ত। এর একটি অংশে রয়েছে কম্পিউটার ও ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন সময় নিয়ে আলোচনা এবং অপর অংশে রয়েছে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কয়েকটি অনলাইন কোর্স। অনলাইন কোর্সগুলো থেকে শুরু করে এই সাইটের সবকিছুই রয়েছে বিনামূল্যে।
কম্পিউটার প্রাথমিক ধারণা
এই অংশে একটি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতিসহ কম্পিউটার পরিচালনা, মাউস-কিবোর্ডে কাজ করার পদ্ধতি, ডাটা ব্যাকআপ, অপারেটিং সিস্টেম প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সাথে রয়েছে ইংরেজিতে সাব-টাইটেলসহ ভিডিও। মাউসের নিয়ন্ত্রণ শেখানোর জন্য গেমসও রয়েছে। ডাটা ব্যাকআপ অংশে ক্লাউড কম্পিউটিং, অনলাইন ব্যাকআপ প্রভৃতি বিষয়েও ধারণা দেওয়া হয়েছে।
ইন্টারনেটের প্রাথমিক শিক্ষা
‘ইউজিং দ্য ওয়েব’ শিরোনামে রয়েছে ইন্টারনেট সম্পর্কিত প্রাথমিক শিক্ষার অংশ। এখানে ইথারনেটের পরিচয়, অনলাইন সার্চ, ওয়েব ব্রাউজারের ব্যবহার, বিভিন্ন ডকুমেন্ট ডাউনলোড, অনলাইন ফরম প্রভৃতি বিষয়ে আলোচনা রয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ, ব্রডব্যান্ড সংযোগ প্রভৃতি বিষয়েও আলোচনা রয়েছে। ওয়েবসাইট তৈরির প্রাথমিক জ্ঞানও এখান থেকে লাভ করা যাবে।
ইমেইল ও শেয়ারিং
ওয়েবওয়াইজের তৃতীয় অংশের আলোচ্য বিষয় ইমেইল ও শেয়ারিং। এই অংশে বিভিন্ন ইমেইল সার্ভিসে ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা, ইমেইল লেখা, ইমেইল পাঠানো, চ্যাটিং এবং সোস্যাল মিডিয়া নিয়ে আলোচনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার নিয়েও আলোচনা রয়েছে। এসব সাইটে ছবি বা অন্যান্য তথ্য শেয়ারিংয়ের বিষয়গুলোও আলোচনা করা হয়েছে সহজভাবে।
অনলাইন গোপনীয়তা ও নিরাপত্তা
এই অংশে অনলাইন তথ্য সুরক্ষার বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা হয়েছে। শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা, ব্রাউজারের সেটিং সুরক্ষিত রাখা, অনলাইনে বিভিন্ন তথ্য সুরক্ষিত রাখার নানা কৌশলের পাশাপাশি শিশুদের নিরাপত্তার জন্য অভিভাবকদের জন্যও নানান টিপস রয়েছে এখানে।
দৈনন্দিন জীবনে ইন্টারনেট
দৈনন্দিন জীবনের নানান প্রয়োজনে ইন্টারনেটকে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে এই অংশে রয়েছে নানান আলোচনা। অনলাইনে ছবি দেখা, গান শোনা বা পড়ালেখার বিভিন্ন উপকরণ নিয়েও এখানে রয়েছে খোঁজখবর।
কম্পিউটার অভিধান
কম্পিউটার, ইন্টারনেট, প্রযুক্তি এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন শব্দ ও শব্দগুচ্ছের অর্থ ও ব্যখ্যা নিয়ে ওয়েবওয়াইজে রয়েছে একটি পূর্ণাঙ্গ অভিধান। এই অভিধানে A থেকে Z পর্যন্ত বর্ণের বর্ণানুক্রমে শব্দ ও শব্দগুচ্ছের অর্থ ও ব্যখ্যা প্রদান করা হয়েছে, যা যে কারও জন্য অত্যন্ত সহায়ক হবে।
