রাবিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘রবীন্দ্র-নজরুলজয়ন্তী-১৪২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাবির শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত হয় অনুষ্ঠানটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান। সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন ও বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী বিপুল কুমার। অনুষ্ঠানে মেয়র, বিশেষ অতিথি ও আমন্ত্রিত শিল্পীদ্বয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।