এরশাদ আগামী সপ্তাহে দেশে ফিরতে পারেন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০০:৪৯

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ আগামী ২৪ বা ২৫ ডিসেম্বর দেশে ফিরতে পারেন। আগামী শনিবার তার দেশে ফেরার কথা শোনা গেলেও এরশাদের ঘনিষ্ঠজনরা ও দলের দায়িত্বশীল নেতারা গতকাল বুধবার ইত্তেফাককে জানান, সম্ভবত ২৪/২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। এটাও নির্ভর করছে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট চিকিত্সকদের সিদ্ধান্তের ওপর। যদি চিকিত্সকরা ছাড়পত্র না দেন সেক্ষেত্রে ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে এরশাদের দেশে ফেরা অনিশ্চিত।

এরশাদের ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার গতকাল ইত্তেফাককে বলেন, ‘স্যারের ২২ তারিখ দেশে আসার কথা ছিল। তবে তার শরীর আবার কিছুটা খারাপ হওয়ায় দেশে ফেরা পেছানো হয়েছে। সেক্ষেত্রে ২৪ বা ২৫ ডিসেম্বর ফেরার সম্ভাবনা রয়েছে।’

এ দিকে, ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে এরশাদ সরে দাঁড়াতে পারেন বলে শোনা গেছে। রংপুর-৩ আসনে এরশাদ মহাজোটের একক প্রার্থী। তবে ঢাকা-১৭ আসনে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। এ আসনে ভোটের বিদ্যমান সমীকরণ বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের ফারুককে সমর্থন জানিয়ে এরশাদ সরে যেতে পারেন বলে শোনা যাচ্ছে।

তবে ঢাকা-১৭ আসনে এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কারী ও ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতি গতকাল ইত্তেফাককে বলেন, ‘স্যারের সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। বরং আওয়ামী লীগের প্রার্থী এখানে স্যারকে সমর্থন জানিয়ে সরে যাবেন কিনা সেই আলোচনা চলছে।’ চিশতি জানান, আজ বৃহস্পতিবারও ঢাকা-১৭ আসনের শাহজাদপুরে এরশাদের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করা হবে।