সব বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও এর কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।
শনিবার জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী এ সম্মেলন থেকে দাবি আদায়ে তিন মাসের কর্মসূচি ঘোষণা করেন বাকাসসর মহাসচিব মো. আনোয়ার হোসেন।
বাকাসসর এ নেতা আরো বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ সাল থেকে এ দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে আসলেও নানা সময়ে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এ অবস্থায় আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছি।
কর্মসূচির মধ্যে রয়েছে—কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান ও সভা-সমাবেশ। যার মধ্যে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন সংগঠনটির সদস্যরা। এসব কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হলে ২৮ মার্চ জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। প্রতিনিধি সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনুস, সহসভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন ও মোহাম্মদ আব্দুল্লাহ এবং বিভাগী কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও মহাসচিব কাজী মনিরুজ্জামান।
