ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান টিআইবির

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

হিন্দু সম্প্র্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব সরস্বতী পূজা উপলক্ষে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সিটি করপোরেশনসমূহের নির্বাচনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত দিবসের আগের দিন (২৯ জানুয়ারি ২০২০) সরস্বতী পূজা হওয়ায় এ দাবি জানিয়েছে সংস্থাটি।

রবিবার টিআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মমতে জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মন্দিরসমূহের পাশাপাশি এসব আয়োজনের মূল কেন্দ্রবিন্দু সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। ঢাকায় অবস্থিত প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই বরাবরের মতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হবার কথা। অন্যদিকে নির্বাচন কমিশন আগামী ৩০ জানুয়ারি ২০২০ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত হবে। তাই নির্বাচনী প্রস্তুতির স্বার্থে বড়ো সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে একদিন আগেই নিরাপত্তা বলয়ের আওতায় আনা হতে পারে। এমতাবস্থায় রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই এ বছর ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সরস্বতী পূজার উদ্যাপন বাধার মুখে পড়বে।