জয়পুরহাট চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:২২

জয়পুরহাট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিত ও মতবিনিময় সভা শনিবার বিকালে জয়পুরহাটের স্থানীয় শিশু উদ্যানে চেম্বারের বিদায়ি সভাপতি আব্দুল হাকিম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, চেম্বারের নবনির্বাচিত সভাপতি পদ্মা ফিড অ্যান্ড চিকসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক আনু, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বারের সাবেক সভাপতি রাজা চৌধুরী, ব্যবসায়ী আমিনুল বারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, জয়পুরহাট চেম্বারের সঙ্গে জেলা প্রশাসন আছে এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বাজার-ব্যবস্থাপনা ও গুজব মোকাবিলাসহ তাদের সার্বিক সহযোগিতা করা হবে। পুলিশ সুপার বলেন, ব্যবসায়ীদের ব্যবসায়ের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করণসহ আইনশৃঙ্খলায় যে কোনো ধরনের সহযোগিতা চাইলে জেলা পুলিশ বিভাগের পক্ষ তা নিশ্চিত করা হবে। নবনির্বাচিত চেম্বার সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, নতুন কোম্পানি উদ্যোক্তা ও ব্যবসায়ী তৈরিতে যেসব আইনি জটিলতা আছে তা নিরসনের লক্ষ্যে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে চেম্বার যথাযথ ভূমিকা রাখবে।