১২টি বগি মাঝপথে রেখেই চলে গেল ট্রেন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস। গাইবান্ধা ও কুপতলা রেল স্টেশনের মাঝপথে ভেড়ামারা রেল ব্রিজ এলাকায় সংযোগ হুক ভেঙে ১২টি বগি রেখেই ট্রেনটির ইঞ্জিন মাত্র ৪টি বগি নিয়ে গাইবান্ধা স্টেশনে পৌছে । পরে বাকি বগিগুলো গাইবান্ধা স্টেশনে নিয়ে আসার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন সুত্র জানায়, আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনের সাথে পুরাতন ৪টি ও তারপর নতুন ১২টি বগি সংযুক্ত ছিল। ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি শেষে গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর স্টেশনের এক কিলোমিটার উত্তরে ভেড়ামারা রেল ব্রিজের কাছে হঠাত্ করে ঝাঁকুনি দিয়ে পুরাতন ৪টি বগির সাথে সংযোগস্থলের ১২টি বগির হুক ভেঙে যায়। চালক বিষয়টি টের পেলেও তিনি বাধ্য হয়ে পুরাতন ৪টি বগি নিয়েই গাইবান্ধা স্টেশনে পৌঁছান। এদিকে এ ঘটনায় বগিতে থাকা যাত্রীরা আতঙ্কে চিত্কার শুরু করেন। পরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন ঘুরিয়ে নতুন বগিগুলোকে আবার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। এরপর হুক ভেঙে যাওয়া বগিটি স্টেশনে রেখে বাকি ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। এতে ট্রেনটির যাত্রায় ১ ঘন্টা ১০ মিনিট বিলম্ব হয়।