মাদক ব্যবসায়ীর সঙ্গে আমোদ-ফুর্তি করার ভিডিও ভাইরালের ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে দুই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শফিউল আজম খান জানান, ‘মাদক ব্যবসায়ীর সঙ্গে আমোদ-ফুর্তির ভিডিও প্রকাশের ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে এসআই সজীব ও এএসআই অজিতকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।’ তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর রাতে আড়াইহাজার উপজেলার একটি বাড়িতে নাচ ও গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় উপজেলায় বিশনন্দী এলাকার একাধিকবার মাদকসহ গ্রেফতার হওয়া আল আমিনের সঙ্গে আমোদ-ফুর্তি করছেন এসআই সজীব ও এএসআই অজিত। গানের অনুষ্ঠান এসআই সজীব নিজেই ভিডিও করেন যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এ ব্যাপারে এএসআই অজিত চন্দ্র বিশ্বাস বলেন, ‘আসলে আমি জানতাম না ওখানে যারা আছে তাদের মধ্যে কেউ মাদক ব্যবসায়ী রয়েছে। আসলে একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলাম।’ অন্যদিকে এসআই সজীব সরকার বলেন, ‘আমি আসলে গানের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনেকেই এসেছে তাই গিয়েছি। আমি সকলকে চিনি না। আমি এ থানায় নতুন।’
