ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের সামনে গতকাল দিনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে তিনটি ও বিকেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে পার্কিংয়ে থাকা একটি গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মধুর ক্যানটিনের পশ্চিম পাশের ফটকের বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পুরোনো ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে গত ২৬ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। কিন্তু কে বা কারা এসব ঘটনার সাথে সম্পর্কিত সে সম্পর্কে অবগত নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালের ঘটনায় জানা যায় , মধুর ক্যান্টিনে পশ্চিম পাশে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের গেটের সামনে সকাল সাড়ে ৯টার দিকে বিকট শব্দে একের পর এক তিনটি ককটেল বিস্ফোরিত হয়। তাত্ক্ষনিক প্রক্টরিয়াল টিম গেলেও কাউকে আটক করতে পারেনি তারা।
বিকালের ঘটনায় জানা যায়, ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন সংলগ্ন মধুর ক্যান্টিনের পাশে মিডিয়ার গাড়ি পার্কিংস্থলে সর্বশেষ একটি ককটেল বিস্ফোরিত হয়। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলতে চায়, তারাই এ কাজ করেছে। আমরা এ চক্রকে শনাক্ত করার চেষ্টা করছি। মধুর ক্যান্টিন এলাকায় বাড়তি নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করার চেষ্টা করছি।’ কারা করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা ধারণা করছি ক্যাম্পাসে দুই পক্ষের বিবাদের ঘটনায় এটি হয়ে থাকতে পারে।
