চুক্তি ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ইইউ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০১:০৬

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, চুক্তি ছাড়া ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতি তারাও নিচ্ছে। কারণ ব্রিটেন এরকম কিছু করতে পারে বলে তারা আগেই ধারনা করছিল। এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে বলে ইইউ জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের

ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে গতকাল বলা হয়েছে, অস্থায়ী কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে ক্ষতিকর দিকগুলো এড়ানো যায়। যদিও আশাতীত সাফল্য মিলবে না। মঙ্গলবার ব্রিটেন জানিয়েছিল, মন্ত্রিসভা চুক্তি ছাড়া ব্রেক্সিটের প্রস্তুতি নিচ্ছে। অর্থাত্ ব্রিটেন ইইউ থেকে সরে গেলেও অর্থনৈতিক অঞ্চলের সদস্য থাকবে। বিবৃতিতে কমিশন জানিয়েছে, অর্থনৈতিক এবং পরিবহন খাত যেন বড় ধরনের সমস্যায় না পড়ে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য খাতের মধ্যে রয়েছে কাস্টমস, তথ্য সংরক্ষণ, প্রাণীর স্বাস্থ্য ও চাষাবাদ, জলবায়ু নীতি ও বিমান চলাচলের বিষয়। ইইউভুক্ত দেশে ব্রিটিশ নাগরিকদের নাগরিকত্ব নিয়ে ভদ্রতাসূচক পদক্ষেপ নিতে ২৭ টি দেশের প্রতি আহবান জানিয়েছে কমিশন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে বলেছেন, তিনি ইইউ নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। নতুন বছরে তিনি ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারবেন বলে আশা করছেন।

আগামী জানুয়ারিতে পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও হারার আশংকায় নতুন পরিকল্পনার দিকে এগুচ্ছে প্রধানমন্ত্রী থেরেসা মে’র মন্ত্রিসভা। মন্ত্রীরা নরওয়ের মতো সমঝোতা চাইছেন। অর্থাত্ ইইউ ত্যাগ করলেও ব্রিটেন যেন ইইউ’র অর্থনৈতিক অঞ্চলের সদস্য থাকে। তবে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির অনেকে মনে করছেন, চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর করলে তা যুক্তরাজ্যের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে।