বিদ্যুৎ চাই না বানর বাঁচান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৯

‘একের পর এক বানর আহত হচ্ছে বিদ্যুতস্পৃষ্ট হয়ে। এর মধ্যে মারা গেছে একটি বানর। আহত বানরগুলোর কষ্ট দেখলে বুক ফেটে যায়! আমি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বলেছি তারে কভার করেন না হয় বিদ্যুৎ বন্ধ করে দেন। আমি এ বিদ্যুৎ চাই না।’ নিজের অফিসরুমে সোমবার সকালে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফ আলী খান।

বনের মধ্য দিয়ে খোলা তারে বিদ্যুৎ পরিবহন সম্পর্কে তিনি বলেন, ‘বন বিভাগের সঙ্গে কথা না বলেই পল্লী বিদ্যুৎ বনে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বন এলাকায় বিদ্যুৎ লাইনের জন্য ভূগর্ভস্থ বা কভার তার দেওয়ার বিধান রয়েছে। আমার বনে প্রায় সাড়ে ৩ শতাধিক বানর রয়েছে। বনের ওপর দিয়ে পল্লী বিদ্যুৎ ৫ কিমি নতুন লাইন নির্মাণ করে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর থেকে বানরগুলো বিদ্যুতের খুঁটিতে উঠে ঝুঁলে খেলা শুরু করে। আর এ সময় বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছে। আমরা দিনরাত বানরগুলো যেন বিদ্যুৎ লাইনে না যায় সেজন্য চেষ্টা করছি। তারপরও বানরগুলো আমাদের চোখ ফাঁকি দিয়ে বিদ্যুতের তারে ঝুলে আহত হচ্ছে। এ পর্যন্ত ৬/৭ টি বানর আহত হয়েছে। তিনদিন আগে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একটি বানর।’

আরও পড়ুন: ছেলেকে না পেয়ে বাবার হাত বিচ্ছিন্ন করে দিলো সন্ত্রাসীরা

ফুলবাড়ীয়া উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম অণিতা বর্মন বলেন, ‘বিষয়টি বন বিভাগ আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন। আমরা চিন্তা ভাবনা করছি বনের ওপর  দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইন নিয়ে।’

ইত্তেফাক