ইয়াবার চালান আনতে গিয়ে ৩০ লক্ষ বার্মিজ কিয়াদসহ ৩ রোহিঙ্গা আটক 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

কক্সবাজারে ইয়াবার চালান আনতে মিয়ানমার যাওয়ার সময় ৩০ লক্ষ বার্মিজ মুদ্রা কিয়াদসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে ঘুমধুম বিজিবির সদস্যরা তাদের আটক করে। 

আটককৃত রোহিঙ্গারা হলেন- কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের মো. সেলিম (৩৭), বালুখালী ক্যাম্প-৯ এর বাসিন্দা মো. বাছের (৩৫) ও একই ক্যাম্পের নুরুল আমিন (২০)। বিজিবি তাদের দেহ তল্লাশি করে ৩০ লক্ষ বার্মিজ কিয়াদ উদ্ধার করেছে। যার মূল্য বাংলাদেশি সমপরিমাণ ১ লক্ষ ৭৫ হাজার টাকা। 

আরও পড়ুন: বিদ্যুৎ চাই না বানর বাঁচান

এ ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্প ম্যানেজম্যান্ট কমিটির সেক্রেটারি মো. নুর জানান, তারাও শুনেছেন নগদ মুদ্রাসহ বিজিবির হাতে ৩ জন রোহিঙ্গা আটক হয়েছে। গভীর রাতে মুদ্রা নিয়ে তারা মিয়ানমারে কেন যাচ্ছিল এমন প্রশ্নের জবাবে ঐ রোহিঙ্গা নেতা জানান- গুটি (ইয়াবা) আনতে যাচ্ছিল হয়তো। 

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম