নরসিংদীতে আমরণ অনশনে জুট মিল শ্রমিকরা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:১২

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে আবারও আমরণ অনশন শুরু করেছে নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা। রবিবার সন্ধ্যা ৬ টা থেকে মিলের প্রধান গেইটে অনশন কর্মসূচি শুরু করেন তারা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ অনশন শুরু হয়। 

সোমবার বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত অনশন অব্যাহত রয়েছে। পূর্বেই প্রস্তুত রাখা অস্থায়ী মঞ্চে সন্ধ্যা থেকে কাঁথা, বালিশ নিয়ে অনশনে বসে পড়েন শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে শ্রমিকরা রাতভর সেখানে অবস্থান করে অনশনে অংশ নেন।

আরও পড়ুন: ইয়াবার চালান আনতে গিয়ে ৩০ লক্ষ বার্মিজ কিয়াদসহ ৩ রোহিঙ্গা আটক 

শ্রমিকরা জানান, দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রী আরও একমাস সময় চেয়েছেন। কিন্তু তারা দাবি বাস্তবায়নের কোনো আশা দেখছেন না। তাই তারা আবারও আমরণ অনশন শুরু করেছেন। এর আগে দাবি বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ১০ ডিসেম্বর থেকে শুরু করা আমরণ অনশন ১৩ ডিসেম্বর স্থগিত করেন পাটকল শ্রমিকরা। শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিক নেতারা তিন দফায় কর্মসূচি স্থগিত করেন।

দাবি পূরণে শ্রমিকরা শনিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এরইমধ্যে সিবিএ-ননসিবিএ নেতারা শ্রমমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিন দফায় বৈঠক করেন। কিন্তু কোনো সমাধানে আসতে না পারায় শ্রমমন্ত্রী আরও এক মাসের সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর মজুরী কমিশন বাস্তবায়ন হবে কি না তা নিশ্চিত করেননি কেউই। শুধু সময়ক্ষেপণ করার অভিযোগ তুলে আন্দোলন ছাড়া দাবি বাস্তবায়নের বিকল্প কোন পথ দেখছেন না বলে জানান পাটকল শ্রমিকরা।

পাটকল শ্রমিকদের অন্য দাবির মধ্যে রয়েছে- পাটকলগুলো আধুনিকীকরণ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, জুট গুডস ম্যান্ডেটরি অ্যাক্ট পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বকেয়া পিএফ ও গ্রাচ্যুইটির টাকা প্রদান, পাট মৌসুমে কাঁচা পাট ক্রয়ে অর্থ ছাড়সহ ১১ দফা।

ইত্তেফাক/এএএম