জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি হবে শতাব্দীর সেরা চুক্তি। নিক্কি হ্যালি এমন মন্তব্য করলেও যুক্তরাষ্ট্র এখনো সম্ভাব্য চুক্তির বিষয় প্রকাশ করেনি। চলতি মাসেই রাষ্ট্রদূতের পদ থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে হ্যালির। খবর আল জাজিরা’র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মঙ্গলবার নিক্কি হ্যালি প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তিতে কী আছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, চুক্তিটি লম্বা হবে এবং এতে বিস্তারিত বিষয় থাকবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই চুক্তি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নিক্কি হ্যালি। তিনি চুক্তির বিষয়গুলো পড়েছেন বলেও জানিয়েছেন। এতে কিছু বিষয় আছে তারা (ফিলিস্তিনি ও ইসরাইলি) পছন্দ করবে এবং কিছু বিষয় তাদের কাছে ভাল লাগবে না। বিদায়ী রাষ্ট্রদূত বলেন, এই সমঝোতায় এগিয়ে আসলে ফিলিস্তিনিরা অনেক লাভবান হবে।
তিনি বলেন, পূর্বের সব চুক্তির চেয়ে নতুন চুক্তি ভিন্ন হবে। নতুন চুক্তির কথা বললেও ইতোমধ্যে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর এবং এই স্থানকে দেশটির রাজধানী ঘোষণা করা নিয়ে বিভক্তি বেড়েছে বিশ্বে। ফিলিস্তিনও এই সমঝোতায় অংশ নেবে না বলে জানিয়েছে। প্রধান মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। সমপ্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার অধিকার কোনো রাষ্ট্রেরই নেই।
ইত্তেফাক/আরকেজি
