যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় গুলিতে অন্তত দুই জন নিহত হয়েছে। পরে গির্জার নিরাপত্তারক্ষীদের পালটা গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। রবিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। এর আগে দেশটিতে হানুক্কায় ছুরি হামলায় পাঁচ জন আহত হয়েছিল। খবর সিএনএনের
সিটি পুলিশের প্রধান জেপি বেভারিং জানান, হামলাকারী খ্রিস্টানদের ওয়েস্ট ফ্রি চার্চে প্রবেশ করে এবং প্রার্থনায় অংশ নেয়। প্রার্থনার মধ্যেই সে উঠে দাঁড়ায় এবং বন্দুক বের করে গুলি শুরু করে। বেভারিং জানান, গির্জার ভেতরে নিরাপত্তা রক্ষীরা ছিল। তারা হামলাকারীকে গুলি করে হত্যা করে। ডালাস ফোর্ট ওয়ার্থ এরিয়ার দায়িত্বে থাকা ম্যাথিউ ডেসার্নো হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে পারেননি। তবে তিনি জানান, বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ঐ হামলাকারী গ্রেপ্তার হয়েছে। তবে সে পুলিশের কোনো তালিকাভুক্ত ছিল না। সে কোনো আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা চালিয়েছে কি না সেই বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। সে নির্দিষ্ট কাউকে টার্গেট করে হামলা করেছে কি না সেই বিষয়টিও তদন্তের আওতায় আছে।
