বিদায় ২০১৯

শেষ হচ্ছে আলোড়ন সৃষ্টিকারী একটি বছর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩

চোখের পলকে যাচ্ছে দিন। বাঁধনহারা সময়। সকালে কলকাকলিতে উড়ে যাওয়া পাখির ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলতে না ফেলতেই সন্ধ্যা নামে। সময়ের সেই শব্দ পিছে-পিছে আসে। দিন আসে দিন যায়। বাড়ে পৃথিবীর বয়স। আজ পশ্চিমে লালিমা ছড়িয়ে নিকষ আঁধারের নেকাব টেনে সূর্য বিদায় নেবে মহাকালের যাত্রায়। ঝরা পল্ল­বের মতো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়বে ‘২০১৯’। ফেলে আসা বছরটি এখন ‘পুরানো সেই দিনের কথা’। নববর্ষকে আহ্বান জানিয়ে ফুরাবে এ বছরের সব লেনদেন। বিদায় আলোড়ন সৃষ্টিকারী ২০১৯। অতঃপর কালপ্রভাতে ‘রবির কর’ দশ দিগন্তে আলোকরেখা ছড়িয়ে চোখ মেলবে নতুন দিনে।      নতুন সূর্যকে অগ্রিম অভিবাদন।

‘আলোচিত-সমালোচিত’ একাদশ জাতীয় নির্বাচনের পর আরম্ভ হওয়া এ বছরটি দেশ-বিদেশে নানা ঘটনা-দুর্ঘটনায় আলোড়ন রেখে গেল। বছরের সূচনালগ্নে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ। ৭ জানুয়ারি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ নেন শেখ হাসিনা। ৭৫ বছর বয়সি অসুস্থ কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের চেষ্টা চললেও জামিন মেলেনি। বিএনপি তার মুক্তির জন্য আন্দোলনের হুমকি দিয়ে এলেও তা সফল হয়নি।

বছরের অন্যতম আলোচিত ও আলোড়িত ঘটনার মধ্যে ছিল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড। শেরেবাংলা হলে ছেলেটিকে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতভর পিটিয়ে হত্যার পর এর বিচারের দাবিতে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষও সোচ্চার হন। পেঁয়াজ ছিল বছরের আলোচিত চরিত্র। পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০০ টাকা অতিক্রম করে বাংলাদেশের অতীতের ইতিহাস ভঙ্গ করে। বছরের আরেক আলোচিত ও আতঙ্কের বিষয় ছিল ডেঙ্গু। বছরের কয়েক মাস এই ডেঙ্গুর ভয়াবহ আতঙ্ক রাজধানীসহ সারাদেশে ছড়িয়ে পড়ে। ডেঙ্গুতে দুই শতাধিক মানুষ মারা যায়। নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে আগুন দিয়ে হত্যা এবং পরে বিচারে ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ড প্রদান, বরগুনার রিফাত শরীফ হত্যার মতো কয়েকটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে এ বছরই। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত হয়। ১১ মার্চ দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নুরুল হক নুর সহসভাপতি এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ডাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই ভিপি নুরুলের ওপর বছরের বিভিন্ন সময়ে কয়েক দফা হামলা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে দুর্ভোগে ফেলে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় একজন নিহত হয়।

গত দুই বছরের মতো চলতি বছরও আলোচিত ছিল রোহিঙ্গা শব্দটি। এ বছরের শেষ দিকে রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া।

গুম আতঙ্ক শেষ হয়নি বছর জুড়ে। শেয়ার বাজার পতন চলেছে সারা বছর। স্বপ্নের সেতু পদ্মা সেতু, মেট্রোরেল প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বড়ো দুই দল আওয়ামী লীগ ও বিএনপির তথৈবচ দশা গেছে। দল গোছাতে ব্যস্ত সময় পার করেছে বিএনপি। ২০১৯ সালে বড়ো ধরনের কোনো রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হয়নি সরকারকে। বিশ্ব পরিমণ্ডলে ‘রাজনৈতিক ভূমিকম্পের বছর’ হিসেবে অভিহিত ২০১৯। দেশে দেশে সরকারবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষ। পতন হয়েছে কয়েক জন স্বৈরশাসকের। পৃথিবীর আনাচে-কানাচে প্রতিদিন শিশু-নারী, বৃদ্ধসহ বেশুমার মানুষ নিহত হয়েছে যুদ্ধ-বিগ্রহে, দুর্ঘটনায় ও জঙ্গি হামলায়। শান্তির অন্বেষায় মানুষ হন্য হয়ে ছুটেছে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বছরই নানা বিতর্কিত কারণে ছিলেন আলোচিত। গত ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দেশটির কোনো প্রেসিডেন্টের তৃতীয় অভিশংসন। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। বন্দি প্রত্যর্পণ আইন বাতিলের বিরুদ্ধে কয়েক মাস ধরে হংকংয়ের রাজপথ প্রকম্পিত করে তুলেছে গণতন্ত্রপন্থিরা।

এ বছরে শুরুর দিকে বিশ্বে ঘটে যায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা। ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজ চলাকালীন নিউজিল্যান্ডের আল নূর মসজিদ ও ক্রাইস্টচার্চে লিনউড ইসলামিক সেন্টারে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে মারাত্মক এই সন্ত্রাসবাদী হামলায় প্রায় ৫০ জন নিহত ও কমপক্ষে ৫০ জনের মতো গুরুতর আহত হন। এ হামলায় তিন জন প্রবাসী বাংলাদেশিও নিহত হন। আলোচিত ঘটনার মধ্যে একটি হলো ভারতের ১৭তম জাতীয় লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়। এ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে ফের দেশটির ক্ষমতায় বসেন নরেন্দ্র মোদি। এ নির্বাচনে এককভাবে ৩০৩টি আসন লাভ করে বিজেপি।

৬৯ বছরের ঐতিহাসিক চুক্তিকে বাতিল করে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর দুই ভাগে বিভক্ত করে মোদি সরকার। এর ফলে জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল করা হয়। বাবরি মসজিদের স্থলে মন্দির গড়ার পক্ষে রায় দেয় সে দেশের সর্বোচ্চ আদালত। ভারতের নাগরিক পঞ্জি এনআরসি, ও সিএএ নিয়ে বিক্ষুব্ধ হয়েছে ভারতের জনগণ। ব্রেক্সিট নিয়ে টালমাটাল হয়েছে যুক্তরাজ্য, জনপ্রিয় কৌতুক অভিনেতাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইউক্রেনের জনগণ। গ্রেফতার হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। চাঁদের অন্ধকার পাশে অবতরণ করেছে চীনা মহাকাশ যান চ্যাং-ই-ফোর। পাক-ভারত যুদ্ধাবস্থা বিরাজমান ছিল প্রায় সারা বছর। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪৮ জন নিহত হওয়ার পর বালাকোটে হামলা করতে গিয়ে এক পাইলট আটক হয় ভারতের পাকিস্তানের হাতে। পরে ফেরত দেওয়া হয় তাকে। সারা বিশ্বে যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় তার ২০ শতাংশ আসে গ্রীষ্মমণ্ডলীয় বন আমাজন থেকে। এজন্যই আমাজনকে বলা হয়ে থাকে ‘পৃথিবীর ফুসফুস’। সেই আমাজন বনে আগুন গোটা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে দেয়। জাপানি সম্রাট আকিহিতো ৩০ এপ্রিল স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। বাগদাদি নিহত বলে দাবি করেন ট্রাম্প ২৮ অক্টোবর। শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলায় ১৮৯ জন মারা যান, যার মধ্যে ছিলেন অনেক বিদেশি নাগরিক। ক্রীড়াঙ্গনে ২০১৯ বছরের আলোচিত ঘটনা ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডের বিশ্বকাপ জয়।