গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘তারেক আমার খুব প্রিয় মানুষ। ছোটবেলা থেকেই তাকে দেখেছি। সেই জন্য তাকে বলি, এত দূর (লন্ডন) থেকে বসে তোমার মায়ের মুক্তি ঘটাতে হবে না। তুমি প্লিজ ওখানে বসে দুই বছর মাস্টার্স বা এমফিল করো। এখানে (বাংলাদেশে) যারা আছে, তাদের কাউকে দায়িত্ব দিয়ে দাও।’ তিনি বলেন, ‘আমি আশা করি অদূর ভবিষ্যতে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এখন নাক গলানো বন্ধ করতে হবে। ওহি দেওয়া, স্কাইপ দেওয়া বন্ধ করতে হবে।’ গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার কোন পথে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল (এনএলসি)।
তারেক রহমানের উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘বিশ্বাস করো, তাহলে এরা (নেতাকর্মীরা) তোমাকে জয়যুক্ত করবে এবং তোমার মাকে কারামুক্ত করবে। এটাও সত্য কথা, খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি প্রায় অসম্ভব। তবে তাকে মুক্ত করার দায়িত্ব তো আমাদেরই। শুধু হলে বসে বক্তৃতা দিয়ে নয়, মাঠে যেতে হবে।’ তিনি বলেন, আপনারাও (নেতাকর্মী) ওহি দ্বারা পরিচালিত হচ্ছেন। এটাই এই জাতির চরম দুর্ভাগ্য। আপনাদের ওহি আসছে লন্ডন শহর থেকে, স্কাইপের মাধ্যমে। আপনারা এটা ছাড়েন। আপনাদের মাঝে চৌকস কিছু নেতা আছেন, তাদের দায়িত্ব দিয়ে দেন। দেখবেন দেশবাসী আপনাদের পাশে আছে। আর এখানে স্থায়ী কমিটির যাদের হাত-পা ধরে আসে; দাঁড়িয়ে থাকতে পারে না, তাদের বাড়িতে পাঠাও। তারা এসে দুই ঘণ্টা দাঁড়াতে পারে না, এরা বাড়িতে বসেই রাজনীতি করুক।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক এমপি এহসানুল হক মিলন ও গোলাম মাওলা রনি, সমিতির সাবেক সহসভাপতি গোলাম রহমান ভূঁইয়া প্রমুখ।
