ভারতে প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০০:৪৬

ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস) হলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তার অবসরের একদিন আগে এই ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ফলে আরো তিন বছর এই পদে কাজ করার পর অবসর নেবেন তিনি। তিন বাহিনীর কাজে সমন্বয়ের জন্য গত ২৪ ডিসেম্বর এই পদের ঘোষণা দেয় সরকার। সরকারের সঙ্গে সেনাবাহিনীর সংযোগ রক্ষাকারী ‘সিঙ্গল পয়েন্ট অ্যাডভাইজার’ হলেন বিপিন রাওয়াত। সরকারকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত পরামর্শও দেবেন ‘চিফ অব ডিফেন্স স্টাফ’। সেনার তিন বাহিনীর সমন্বয় বাড়ানো এবং তিন বাহিনীর পরামর্শদাতা নিয়োগের দাবি উঠছিল সেনা ও নিরাপত্তা সংক্রান্ত নানা মহল থেকে। অবশেষে সেই দাবিই পূরণ হলো। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন বিপিন রাওয়াত। তিন বছর কাজ করার পর আজ ৩১ ডিসেম্বর তার অবসর নেওয়ার কথা ছিল। - আনন্দবাজার পত্রিকা