৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০০:৫৭

বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে দেশের ৩৮টি জেলার ৫৮টি ইউনিয়ন পরিষদে গতকাল সোমবার নির্বাচন হয়েছে। এর মধ্যে ছয়টিতে সাধারণ ও বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন হয়। গুলি, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের লক্ষ্যণীয় উপস্থিতি থাকলেও সংঘর্ষ ও সহিংসতার জেরে বিশেষ করে নারী ভোটাররা ভোট না দিয়েই ফিরে যান। জংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলাসহ হুমকি দেন একজন ইউপি সদস্য প্রার্থী। অন্যান্য স্থানেও কেন্দ্র দখল, জাল ভোট প্রদানের ঘটনা ঘটে।

ভোটগ্রহণ উপলক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয় বিজিবি, র্যাব ও পুলিশ। সহিংসতার শঙ্কায় শেষ মুহূর্তে কয়েকটি ইউনিয়ন পরিষদে বিজিবি ও র্যাবের টিম বাড়ান হয়। গতকাল ৮০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা ছিল। এর মধ্যে ২২টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হয়নি। বাকি ৫৮টিতে ভোটগ্রহণ হয়। যেসব ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়, সেখানে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার সমন্বয়ে তিনটি করে মোবাইল টিম, এক প্লাটুন করে বিজিবি এবং র্যাবের দুইটি টিম মাঠে ছিল। যেসব ইউনিয়নে শুধু সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ হয়, সেসব ইউনিয়নে র্যাবের দুটি টিম ছিল।