কাশ্মীরের শ্রীনগরে আটকে থাকা পাঁচ জন রাজনৈতিক নেতা মুক্তি পেয়েছেন। জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আটক করা হয়েছিল তাদের। পাঁচ মাস বন্দি ছিলেন তারা। তবে আটক করে রাখা হয়েছে কাশ্মীরের তিন জন বিশিষ্ট রাজনৈতিক নেতা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ, তার ছেলে ওমর আব্দুল্লাহ এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি সুপ্রিমো মেহবুবা মুফতি। তাদের মুক্তির ব্যাপারে এখনো কোনো দিন ধার্য করেনি সরকার। তাদের উপযুক্ত সময়েই মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। খবর এনডিটিভির
পাঁচজন সাবেক বিধায়ককে বিধায়ক আবাসন থেকে ছাড়া হয়, সেখানেই বন্দি আছেন ৩০ জনেরও বেশি সাবেক মন্ত্রী ও বিধায়ক। মুক্তি পাওয়া নেতাদের মধ্যে আছেন-ইশফাক জব্বার ও গুলান নবি ভাট (ন্যাশনাল কনফারেন্স), বশির মির (কংগ্রেস), জাহুর মির এবং ইয়াসির রেশি (পিপলস ডেমোক্র্যাটিক পার্টি)। ৫ আগস্ট রাষ্ট্রপতির নির্দেশিকার মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষের থেকে কোনোরকম ব্যাপক প্রতিক্রিয়া এড়াতে সেখানে কড়া নিষেধাজ্ঞা জারি রাখা হয়। তারপরই রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।
