মঙ্গলবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মগদাসপুর সীমান্তে একজন দালাল ও ১৭ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ৫জন শিশু, ৫ জন নারী, ৭ জন পুরুষ এবং অবৈধ পারাপারে সহায়তাকারী দালাল মগদাসপুর গ্রামের শুকুর আলীকে (৫০) আটক করা হয়েছে। বিজিবি সূত্রে প্রকাশ, মঙ্গলবার ভোরে ৫৮ বিজিবির অধীনস্থ জুলুলী বিওপির টহল দল ১৭ জন অনুপ্রবেশকারীকে উপজেলার মগদাসপুর মাঠের ভিতর থেকে আটক করে।
স্থানীয় সূত্রে প্রকাশ, এ উপজেলায় একটি শক্তিশালী মানবপাচারকারী সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে মানুষ পাচার করে আসছে। দালাল চক্র ইতিমধ্যে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। পারাপারের সময় দুই দেশের দালাল চক্র অনুপ্রবেশকারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের সবকিছু লুণ্ঠন ছাড়াও যুবতী নারীদের রাতের আঁধারে আশ্রয় দেওয়ার নামে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করছে। তারপর সর্বস্ব কেড়ে নিয়ে নিঃস্ব হাতে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিচ্ছে।
মঙ্গলবার ভারতের ব্যাঙ্গালুর ও কাশ্মির থেকে আসা ১৭ অনুপ্রবেশকারী বিজিবির হাতে আটক হয়। তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্যাঙ্গলুর ও কাশ্মিরে বসবাস করে আসছিল। বর্তমানে ভারতীয় পুলিশি অভিযানের কারণে তারা পালিয়ে এসেছে। তারা ২৪ জন এসেছে। ১৭ জন ধরা পড়লেও বাকিঃ ৭ জন বিজিবির চোখ ফাঁকি দিয়ে চলে যেতে সক্ষম হয়েছে। আটককৃতরা জানায় তাদের বাড়ি নারায়নগঞ্জ, বাগেরহাট ও যশোর জেলায় ছিল। গত দুইমাসে এ সীমান্তে ৩৫৩জন অনুপ্রবেশকারী বিজিবির হাতে আটক হয়।
এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করার জন্য তারা কঠোর ব্যবস্থা গ্রহন করেছে। দালাল চক্রদের বিষয়ে তারা খোঁজ-খবর নিয়ে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
আরও পড়ুন: প্রেমিকার জন্য ‘নকশীকাঁথা’ ক্ষেত সাজিয়েছেন কৃষক কাদির
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
