ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বিসিক শিল্পনগরীতে একটি ম্যাচ কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাইফুল ইসমাম জানান, তাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত পরে জানানো হবে। তবে দুপুরের খাবারের বিরতি থাকায় কারখানার কোন শ্রমিক হতাহত হয়নি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মবিনস লিমিটেড নামের ওই কারখানার মালিক শাহ জাহান জানান।
আরও পড়ুন: ইত্তেফাকের সংবাদদাতা টুটুল টাঙ্গাইলের সেরা রিপোর্টার
গত ২৩ জানুয়ারি এই একই ম্যাচ কারখানায় আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিলো। এ ব্যাপার কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন কারখানার মালিকপক্ষ। এর পরও মালিকপক্ষ কারখানায় আগুন নির্বাপণের কোন ব্যবস্থা রাখেনি।
ইত্তেফাক/এএএম
