নবাবগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রী-সন্তান থানা হেফাজতে

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৭:২৮

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পূর্ব সিংহড়া গ্রামে মাহবুব ভূঁইয়া (৫৫) নামে এক ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহবুব ভূঁইয়া ঐ গ্রামের মৃত হিরন ভূঁইয়ার ছেলে।
 
জানা গেছে, দুই সন্তান নিয়ে এক ভাড়া বাসায় থাকতেন তিনি। নিহতের স্ত্রীর ভাষ্যমতে, ওই বাসায় দুই মেয়েকে নিয়ে পাশের রুমে ছিলেন তিনি। রাত দুইটার দিকে তার স্বামীর রুমে গেলে তিনি তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। কিন্তু তাৎক্ষণিক তিনি এ ঘটনা কাউকে জানাননি।এরপর সকালে ঘটনা জানাজানি হলে, স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় স্কুল শিক্ষিকার মৃত্যু: ৩ চিকিৎসক কারাগারে

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন,‘ নিহতের মরদেহ থানায় আনা হয়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও তার দুই সন্তানকে থানায় আনা হয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, ‘মাহবুবের মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। নিহতের স্ত্রী একেক সময় একেক কথা বলছেন। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

ইত্তেফাক/এসআই/এএএম