ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ায় কিশোরকে মারধরের অভিযোগ

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৮:১১

চাঁদপুরের মতলব পৌরসভার নলুয়া গ্রামে ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ায় জুলহাস বেপারী (১৬) নামের এক কিশোরকে একই এলাকার আওয়ামী লীগ নেতার ছেলে শিব্বির (২২) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ওই কিশোর বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বুধবার এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ঐ কিশোরের মা আম্বিয়া বেগম। 

অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজ প্রধানের ছেলে শিব্বির দশম শ্রেণিতে পড়ুয়া কিশোর জুলহাস প্রধানকে দিয়ে এলাকায় ইয়াবা বিক্রির চেষ্টা চালায়। কিন্তু এতে জুলহাস রাজি না হওয়ায় গত ২৮ ডিসেম্বর দুপুরে তাকে ডেকে নিয়ে শিব্বির ও কাউছার মুন্সির ছেলে আলম মুন্সি ওই গ্রামের মৃধা বাড়ির বাগানে মারধর করে। ওই সময় তারা জুলহাসকে মারধর করতে করতে পার্শ্ববর্তী আরিফ সরকারের ঝিলের ভেতরে নিয়েও আরেক দফা মারধর করে। মারধরের শিকার হয়ে জুলহাস একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা তাকে একটি ফার্মেসীতে নিয়ে যায়। ওই সময় আশপাশের লোকজন দেখে জুলহাসের পরিবারের সদস্যদের খবর দিলে তারা জুলহাসকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে জুলহাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকলে পরিবারের সদস্যরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

আরও পড়ুন: নবাবগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রী-সন্তান থানা হেফাজতে

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


ইত্তেফাক/এএএম